দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ। গত ১৯ দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে প্রায় ৫ হাজার ৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আগামীকাল রবিবার থেকে সারা দেশে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৪২ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বাকিদের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে। বিভাগীয় পরিসংখ্যানে ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি থাকলেও মৃত্যুহারে শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা।
বিশেষ এই টিকাদান কর্মসূচিতে রাজশাহীসহ অধিক ঝুঁকিপূর্ণ জেলাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় ভ্যাকসিন ও সিরিঞ্জ ইতোমধ্যে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে অগ্রাধিকার ভিত্তিতে এবং কম ঝুঁকিপূর্ণ এলাকায় রেশনিং পদ্ধতিতে টিকা দেওয়া হবে। এই গণটিকাদান কর্মসূচির মাধ্যমে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 
























