হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল রক্ষায় ‘প্রতিরক্ষামূলক’ শক্তি ব্যবহারের অনুমোদন সংক্রান্ত একটি প্রস্তাবে ভোট স্থগিত করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ১৫ সদস্যের এই পরিষদের শুক্রবার সকালে ভোট হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই সূচিতে পরিবর্তন আনা হয়।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জাতিসংঘ সদর দপ্তর থেকে জানানো হয়, ‘গুড ফ্রাইডে’ উপলক্ষে জাতিসংঘে সরকারি ছুটি থাকায় ভোট স্থগিত করা হয়েছে, যদিও ভোট ঘোষণার সময়ই এই ছুটির বিষয়টি জানা ছিল। খসড়া প্রস্তাবে ভোটের নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
ইরান কর্তৃক হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহকে হুমকির মুখে ফেলেছে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে বাহরাইনের রাষ্ট্রদূত জামাল আলরোওয়াই বলেন, ‘আমাদের অঞ্চল ও বিশ্বের ওপর প্রভাব ফেলছে, এ ধরনের অর্থনৈতিক সন্ত্রাস আমরা মেনে নিতে পারি না।’ যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এই প্রস্তাবটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জ্বালানি সংকটে থাকা দেশগুলোকে ‘নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করতে’ বলেন এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা না করার ইঙ্গিত দেন।
জাতিসংঘের ষষ্ঠ খসড়া অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোকে এককভাবে বা ‘স্বেচ্ছাসেবী বহুজাতিক নৌ-জোট’ গঠন করে পরিস্থিতি অনুযায়ী ‘প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই ব্যবস্থা হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় প্রযোজ্য হবে, যাতে আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখা যায় এবং প্রণালী বন্ধ বা বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা প্রতিহত করা যায়। প্রস্তাবটি অন্তত ছয় মাসের জন্য কার্যকর থাকার কথা।
রাশিয়া, চীন ও ফ্রান্সসহ কয়েকটি দেশের সংশয় দূর করতে খসড়াটি একাধিকবার সংশোধন করা হয়েছে। নতুন ভাষায় জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের সরাসরি উল্লেখ বাদ দেওয়া হয়েছে, যা সাধারণত শান্তি পুনঃপ্রতিষ্ঠায় সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয়। সংশোধিত প্রস্তাবে যেকোনো পদক্ষেপের প্রতিরক্ষামূলক চরিত্রের ওপর জোর দেওয়া হয়েছে, যা ফ্রান্সের উদ্বেগ কিছুটা কমিয়েছে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























