চলমান ইরান যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে নাগরিকদের আর্থিক বোঝা লাঘবে আগামী ৩০ দিনের জন্য রাজধানী ইসলামাবাদে সব গণপরিবহনে ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এই তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী শনিবার (৪ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে। এছাড়া নাগরিকদের আর্থিক বোঝা কমাতে দেশটির সবচেয়ে জনবহুল ও সমৃদ্ধ প্রদেশ পাঞ্জাব সরকারও বিনামূল্যে গণপরিবহনে ভাড়া চালুর ঘোষণা দিয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এই মুহূর্তে তেলের জন্য হাহাকার শুরু হয়েছে। একদিকে জ্বালানি মিলছে না, অন্যদিকে চোখ রাঙাচ্ছে লাগামহীন দাম। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম এক লাফে প্রায় ৫৫ শতাংশ বেড়ে লিটারপ্রতি ৫২০ রুপি, আর পেট্রোল ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ রুপিতে। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে।
এর মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে পাকিস্তানের দুটি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আরও জানান, সামনে আরও ২০টি জাহাজ পাকিস্তানের পতাকা নিয়ে যাত্রার প্রস্তুতি নিয়েছে। উপপ্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে বলে তার মন্তব্যে উঠে আসে।
রিপোর্টারের নাম 






















