যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে হামলা বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের অবকাঠামোতে আঘাত করা হলে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ও অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির জবাবে এই কড়া বার্তা দেওয়া হয়েছে, যেখানে ট্রাম্প ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার কথা উল্লেখ করেছিলেন।
যুলফাকারি আরও বলেন, যদি এ ধরনের হুমকি বাস্তবায়ন করা হয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট জ্বালানি, অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। এমনকি যেসব মিত্র দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাদেরকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রাখতে দিয়েছে, তারা যদি ক্ষতি এড়াতে চায়, তাহলে আমেরিকান বাহিনীকে তাদের দেশ থেকে চলে যেতে বাধ্য করতে হবে।’
এদিকে, সম্প্রতি ট্রাম্প দাবি করেন যে মার্কিন বাহিনী ইরানের বৃহত্তম একটি সেতু ধ্বংস করেছে। তিনি তেহরান ও কারাজের মধ্যে নির্মাণাধীন একটি সাসপেনশন ব্রিজ ধসে পড়ার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়।
রিপোর্টারের নাম 






















