ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা এখনো বড় ধরনের হুমকি হিসেবে রয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক সাম্প্রতিক মূল্যায়নের বরাতে সিএনএন জানিয়েছে, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং কয়েক হাজার ড্রোন এখনো পুরোপুরি অক্ষত ও সচল। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো বলছে, পুরো অঞ্চলজুড়ে চরম ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা এখনো তেহরানের রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চার হামলার কারণে মাটির নিচে চাপা পড়লেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী মনে হলেও দ্রুত মেরামত করে সচল করা সম্ভব। এছাড়া ইরানের ড্রোন ভাণ্ডারের প্রায় ৫০ শতাংশ এখনো বিদ্যমান। বিশেষ করে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়নি। এর কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান উপকূলে খুব একটা বিমান হামলা চালায়নি।
গোয়েন্দা তথ্যানুযায়ী, এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। যদিও বিভিন্ন সময়ে ইরানের সামরিক শক্তি দুর্বল হওয়ার দাবি করা হয়েছে, তবে নতুন এই গোয়েন্দা তথ্য মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী অবস্থানেরই জানান দিচ্ছে।
রিপোর্টারের নাম 
























