ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি তার ভুল স্বীকার করে বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।
ভারতীয় গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমল বলেন, “আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনো কখনো বিষয়গুলো এভাবেই ঘটে।” তিনি আরও যোগ করেন, “ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে, যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এমন পরিস্থিতি আর তৈরি হবে না।”
উল্লেখ্য, আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আসর শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশ সেই বিশ্বকাপে অংশ নেয়নি। বর্তমানে মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে খেলছেন। নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স।
রিপোর্টারের নাম 




















