দেশের স্বাস্থ্য ও জ্বালানি খাতে বিরাজমান অরাজকতা এবং জুলাই গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। সংগঠনটির নেতৃবৃন্দ অবিলম্বে গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে চলমান নৈরাজ্য বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই আহ্বানের কথা জানানো হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অবৈধ আখ্যা দিয়ে সংসদে তা উত্থাপন করেনি, অথচ তারা নিজেরাই জুলাই সনদে স্বাক্ষর ও গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালিয়েছিল। গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে যে রায় এসেছে, তা বাস্তবায়নে সরকারি দলের নীতিগত দায়বদ্ধতা রয়েছে। জুলাই জাতীয় সনদের যে ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, নির্বাচিত সংসদকে সেগুলো নিয়ে আলোচনা-পর্যালোচনা করতে হবে এবং গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে ভয়াবহ অরাজকতা চলছে। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জাম সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। সম্প্রতি হামের প্রাদুর্ভাবে অনেক শিশুর মৃত্যু হয়েছে এবং মশার উপদ্রব বেড়েছে। জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্তটিকে অপরিণামদর্শী উল্লেখ করে তারা বলেন, এতে শিক্ষার্থীদের আর্থিক ও নৈতিকভাবে বহুমুখী ক্ষতির শিকার হতে হয়। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও আলোকসজ্জা নিষিদ্ধ ঘোষণা করতে পারে এবং পাবলিক পরিবহন ব্যবস্থা উন্নত করতে পারে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























