বরিশালের চরমোনাই পীরের দরবারে পৌঁছেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার ভোরে তারা চরমোনাই পৌঁছান এবং ফজর নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বয়ানে অংশ নেন। পরে এনসিপির নেতৃবৃন্দ পীরের সঙ্গে সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময়ে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান। এছাড়াও কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনসিপি নেতারা আজ সারাদিন চরমোনাইতে অবস্থান করবেন। চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানিয়েছেন, বাদ জোহর চরমোনাই মাহফিল মঞ্চে এনসিপি নেতা আসিফ মাহমুদের বক্তব্য রাখার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 

























