বর্তমান জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
এনসিপি জানিয়েছে, বাংলাদেশে শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রায় ২৩ লাখ সরকারি ও আধা-সরকারি চাকরিজীবী রয়েছেন। তাদের বেতন স্কেল সর্বশেষ বৃদ্ধি পেয়েছিল ২০১৫ সালে, যা ছিল ৮ম পে-স্কেল। কিন্তু গত এক দশকে মুদ্রাস্ফীতি ৫০ শতাংশেরও বেশি বেড়েছে এবং জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে গত অন্তর্বর্তী সরকারের সময়ে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে ১৪৮টি সভা ও মতামত গ্রহণের মাধ্যমে গত ২১ জানুয়ারি তাদের প্রস্তাব জমা দেয়। কিন্তু এখন পর্যন্ত সেই প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।
জাতীয় নাগরিক পার্টি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে, সাধারণত ৫ থেকে ৬ বছরের মধ্যে বেতন কাঠামো সংস্কার করা হয়। সেখানে ১১ বছর পর নেওয়া উদ্যোগ বাস্তবায়ন না হওয়া কোনোভাবেই কাম্য নয়। এই প্রেক্ষিতে, এনসিপি দ্রুততম সময়ের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে পুনরায় অনুরোধ জানিয়েছে।
রিপোর্টারের নাম 



















