জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গতকাল সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ নজরুল ইসলামকে তার সহকারী একান্ত সচিব পদে (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী কার্যকর হবে।
এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে যতদিন ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতার পদ অলংকৃত করবেন অথবা নজরুল ইসলামকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























