মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পাঁচ দশকেরও বেশি সময় পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠাতে চলেছে। বহুল প্রতীক্ষিত আর্টেমিস-২ মিশনের জন্য নির্বাচিত চার নভোচারী এখন চাঁদে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। আগামী পহেলা এপ্রিলের মধ্যে এই ঐতিহাসিক উৎক্ষেপণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
নাসার আর্টেমিস-২ অভিযানের জন্য নির্বাচিত চারজন নভোচারী গত শুক্রবার ফ্লোরিডায় পৌঁছেছেন। পাঁচ দশকের বেশি সময় পর চাঁদে মানুষ পাঠানোর এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার এবং ক্রিস্টিনা কচ। তাদের সঙ্গে আছেন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন।
নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী ১ এপ্রিলের মধ্যে নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম রকেটে করে তারা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন। চার নভোচারীর মধ্যে তিনজনেরই মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে।
নভোচারীরা মহাকাশের গভীরে মানুষ বহনের জন্য নির্মিত ওরিয়ন ক্রু ক্যাপসুলে ভ্রমণ করবেন। প্রায় ১০ দিনের এই মিশনে নভোচারীরা উচ্চগতিতে চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন।
রিড ওয়াইজম্যান ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৫ দিন কাটিয়েছেন। ভিক্টর গ্লোভার ২০২০ সালে স্পেসএক্সের ক্রু-১ মিশনে অংশ নিয়ে ১৬৮ দিন মহাকাশে ছিলেন। ক্রিস্টিনা কচ ২০১৯ সালে টানা ৩২৮ দিন মহাকাশে অবস্থান করে নারীদের মধ্যে দীর্ঘতম সময় থাকার রেকর্ড গড়েছেন। অন্যদিকে, জেরেমি হ্যানসেনের এটিই হবে প্রথম মহাকাশযাত্রা।
রিপোর্টারের নাম 






















