লেবাননে চলমান সংঘাতের ফলে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, মাত্র তিন সপ্তাহের যুদ্ধে দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইউনিসেফের তথ্যমতে, প্রতিদিন গড়ে প্রায় ১৯ হাজার শিশু তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
সোমবার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইজি কর্সি জানান, দক্ষিণ লেবাননের শিশুদের কাছে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিশু এমন দুর্গম এলাকায় আটকা পড়েছে যেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন। ইসরাইলি বিমান হামলায় একাধিক সেতু ধ্বংস হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে, বিশেষ করে লিটানি নদীর ওপর থাকা বেশ কয়েকটি সেতু ধ্বংস হওয়ায় ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে।
কর্সি আরও বলেন, অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের সহায়তা করাও একটি বড় চ্যালেঞ্জ। অনেক শিশু একাধিকবার বাস্তুচ্যুত হওয়ায় মানসিক আঘাতের শিকার হচ্ছে। স্কুল বন্ধ থাকায় ইউনিসেফ শিশুদের টিকাদান, চিকিৎসা এবং শিক্ষার বিকল্প হিসেবে ‘লার্নিং হাব’ চালুর চেষ্টা করছে। বোমাবর্ষণে পানির ট্যাংক ও পাম্পিং স্টেশন ধ্বংস হওয়ায় অনেক এলাকায় নিরাপদ পানির সংকট তৈরি হয়েছে এবং হাসপাতাল, সেতু ও পয়োনিষ্কাশন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রিপোর্টারের নাম 






















