মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য তার পদ থেকে পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্টে আসন্ন এক ভোটে তিনি প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন।
সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল হ্লাইং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের পদটি অভিজ্ঞ কর্মকর্তা জেনারেল ইয়ে উইন উ-য়ের কাছে হস্তান্তর করেন। উইন উ ২০২০ সালে মিয়ানমারের গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং চলতি মাসের ৪ তারিখে তিনি দেশটির সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে পদোন্নতি লাভ করেন।
একইদিন মিয়ানমারের নবনির্বাচিত পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে আইনপ্রণেতারা দুজন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীর নাম প্রস্তাব করেন, যার মধ্যে একজন হলেন জেনারেল হ্লাইং। পার্লামেন্টের উচ্চকক্ষ আরও একজন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীকে মনোনয়ন দেবে। পরবর্তীতে পার্লামেন্টের উভয় কক্ষ মিলে ভোটের মাধ্যমে এই তিনজনের মধ্যে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করবে। প্রেসিডেন্ট নির্বাচনের ওই ভোটের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানে অং সান সু চি-র নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল হ্লাইং। এরপর থেকে দেশটিতে ব্যাপক গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সামরিক কর্তৃত্বের অধীনে সামরিক বাহিনীর সমর্থিত একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে ৬৯ বছর বয়সী হ্লাইং ২০১১ সাল থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। বিশ্লেষকরা জেনারেল উইন উ-কে সদ্য অবসরে যাওয়া সিনিয়র জেনারেল হ্লাইংয়ের অত্যন্ত আস্থাভাজন একজন কর্মকর্তা হিসেবে বিবেচনা করেন। জাতিসংঘ ও অনেক পশ্চিমা দেশ ডিসেম্বরে ও জানুয়ারিতে অনুষ্ঠিত এই নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে অভিহিত করেছে।
রিপোর্টারের নাম 






















