সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এবং জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শিশির মনির অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত প্রধান প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে বর্তমান সরকার। তিনি জানান, যদিও অনেক অধ্যাদেশ মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে, বাস্তবে সংস্কারের মূল অধ্যাদেশগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার সুপ্রিমকোর্টের এনেএক্স ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গণভোট অধ্যাদেশ, বিচারক নিয়োগ অধ্যাদেশ, বিচার বিভাগ পৃথক সচিবালয় অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং ব্যাংক সংস্কার অধ্যাদেশ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে ল্যাপস করা, বাতিল করা বা পর্যালোচনার প্রস্তাব করা হয়েছে। তিনি মনে করেন, এর মাধ্যমে সরকার জুলাই অভ্যুত্থানের সরকারের ১৮ মাসের অর্জনকে অস্বীকার করছে।
শিশির মনির আরও জানান যে, জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২টি ল্যাপস, ৩টি বাতিল এবং ১৩টি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ৭৪টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে পাসের এবং ৩১টি সংশোধন সাপেক্ষে উত্থাপনের প্রস্তাব করা হয়েছে। এই বিষয়ে গঠিত বিশেষ কমিটি আগামী ২ তারিখের মধ্যে সংসদে প্রতিবেদন পেশ করবে। তিনি বিশেষভাবে গণভোট অধ্যাদেশকে ল্যাপস করার প্রস্তাবের সমালোচনা করে বলেন যে, এটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
রিপোর্টারের নাম 

























