উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিস উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক শোক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২৭ মার্চ (শুক্রবার) ঘটে যাওয়া এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয় প্রতিরোধে মানবিক ও স্থায়ী সমাধান বাস্তবায়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অভিবাসী সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান ছাড়া এই ধরনের বিপর্যয় থামানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশসমূহের সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও তিনি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























