জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে দলীয় বিবেচনায় দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের ঘটনাকে ‘অস্বাভাবিক ও উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তিনি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, ছুটির সময় যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে এবং শিক্ষক-শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে ছুটি কাটান, তখন শিক্ষামন্ত্রীর এমন ঘোষণা উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য একটি নজিরবিহীন ও গভীর উদ্বেগের বিষয়। তিনি মনে করেন, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হলে তা কেবল প্রতিষ্ঠানের মর্যাদাই ক্ষুণ্ন করে না, বরং সমগ্র উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয়।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো জাতির বিবেক গঠনের কেন্দ্র। শিক্ষার মান অবনতির দায় কেবল সরকারের নয়, জাতীয় সংসদেরও। প্রধান বিরোধী দল হিসেবে তারা এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দেন।
গোলাম পরওয়ার জানতে চান, কোন যুক্তিতে পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের অপসারণ করা হলো, যেখানে নতুন নিয়োগপ্রাপ্তদের প্রায় সকলেই সরকারি দল ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত। তিনি এই অপসারণের বিষয়ে সরকারের কাছে জাতির সামনে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কোনো পরীক্ষাগার বা দলীয় ব্যক্তিদের পদায়নের ক্ষেত্র নয়, এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
রিপোর্টারের নাম 

























