বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশে গণতন্ত্র এনেছে, অথচ তাদের হাতেই বারবার গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে। তিনি অভিযোগ করেন যে, শেখ মুজিব যা করতে পারেননি, তাঁর কন্যা শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠানে বাকশালের সেই রূপটিই কায়েম করেছিলেন, যেখানে আদালত থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রকে দলীয়করণ করা হয়েছে।
শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান আরও বলেন, স্বাধীনতা কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ড নয়, বরং সেই ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি নাগরিকের অধিকার ও মুক্তি। আজ সেই স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এদেশের জনগণ বিজয়ী হয়েছে এবং এখন এই বিজয়ের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার দীর্ঘ লড়াইয়ের পর দেশে পরিবর্তন এসেছে। ১৯৯১ সালের মতো এবারও মানুষ ভুল করেনি। যারা রাজপথে খুন, গুম হয়েছেন কিন্তু মাঠ ছাড়েননি, সেই বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বকেই দেশের জনগণ গ্রহণ করেছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের নেতা তারেক রহমান কৃষকদের হাতে কার্ড তুলে দিচ্ছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সমৃদ্ধি আনার চেষ্টা করছেন। কর্মসংস্থান ও শিক্ষার প্রসারেও তিনি কাজ করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
রিপোর্টারের নাম 
























