বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, বিএনপিও ক্ষমতাসীন আওয়ামী লীগের মতো জনগণের রায়কে ভয় পায়। তিনি অভিযোগ করেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিয়ে নিজেদের মনোনীত ব্যক্তিদের চেয়ারগুলোতে বসানোর চেষ্টা করছে, যা তাদের জন্য অশুভ পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে।
বিএনপিকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্টের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং রাজনীতিতে নতুন সংকট তৈরি করা উচিত নয়। জনগণের ইচ্ছাকে সম্মান জানানো এবং তাদের অভিপ্রায় বাস্তবায়ন করাই সঠিক পথ। বিরোধী দল হিসেবে জামায়াত বিএনপির পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উপজেলা-থানা আমির ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি।
গোলাম পরওয়ার আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল জনগণের কাছে স্পষ্ট। জনগণের রায়কে ‘ইঞ্জিনিয়ারিং’য়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। তা সত্ত্বেও, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জামায়াত কষ্ট চেপে ফলাফল মেনে নিয়েছে। তবে এর মানে এই নয় যে তারা অন্যায়, অসত্য বা অনিয়মকে মেনে নেবে। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং তারা আল্লাহর কাছে এর বিচার চেয়েছেন।
দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী পাঁচ বছর ‘ভেজাল ধরার ইলম’ অর্জন করতে হবে, কারণ সামনে স্থানীয় সরকার নির্বাচন এবং এই লড়াইয়ে জয়ী হতে হবে। তিনি সংসদের অধিবেশনে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা ও তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, পার্লামেন্টে একটি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি করতে হবে। জাতিকে সংকটে ফেলে রাজপথে আন্দোলনের দিকে ঠেলে দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 
























