বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে হেফাজতে নেয়। শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে।
বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে আরও ১০টি মামলা আদালতে বিচারাধীন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























