রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বাদ ফজর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
মাদরাসার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আযাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। তিনি মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও, স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তুলে ধরে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সকলের জন্য শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষাখাতের ওপর অধিক গুরুত্ব আরোপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও বলেন, একটি ইনসাফভিত্তিক সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের দেশপ্রেমিক, সুনাগরিক, লেখক ও গবেষক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মাওলানা জাকির হোসাইন শেখ, মুহাদ্দিস আব্দুল গাফ্ফার আল-মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, আব্দুল মান্নানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে, স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 

























