ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। শিবির কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা এবং অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ২টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব ও আনারুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘কেন্দ্রীয় পর্যায়ের এক শিবির নেতার বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণের অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানোর চেষ্টা এবং এক কথিত প্রেমিকার গর্ভের ভ্রূণ নষ্টের অভিযোগ জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রকৃত গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘদিনের বেদনা ও সংগ্রামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা বিকৃত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।’
রিপোর্টারের নাম 





















