বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত বুধবার (২৫ মার্চ) সংস্থাটির ওয়েবসাইটে সংশোধিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি ভিন্ন অধিদপ্তরের অধীনে থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বমোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদ পূরণের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ৭০৮টি পদ রয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় ৩ হাজার ১৩১টি শূন্য পদ রয়েছে।
পূর্ববর্তী বিজ্ঞপ্তির অধীনে দাখিল করা সকল আবেদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ। আবেদনকারীদের অনলাইন ব্যাংকিংয়ের (যেমন নগদ, বিকাশ, রকেট) মাধ্যমে আবেদন ফি ফেরত দেওয়া হবে। তবে, প্রার্থীরা অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটকের ফি বাবদ দেওয়া অর্থ ফেরত পাবেন না। আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীরা http://ngi.teletalk.com.bd/ntrca/app/ এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে। আগামী ২৮ মার্চ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
রিপোর্টারের নাম 

























