জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেছেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে বাংলাদেশের। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। এটি বাংলাদেশের জন্মলগ্ন এবং এর মাধ্যমে আমরা ১৯৯০ ও ২০২৪ সালের মতো সংকটময় সময়েও ঘুরে দাঁড়িয়েছি। তিনি বলেন, স্বাধীনতা আমাদের জাতির আত্মমর্যাদা, সাহস ও আত্মত্যাগের প্রতীক। ইতিহাসের পাতায় পাতায় স্বাধীনতার জন্য লড়াই করা মানুষের আত্মত্যাগ, রক্তের দাগ এবং অদম্য সাহসের স্বাক্ষর রয়েছে। তাই স্বাধীনতা কেবল একটি রাষ্ট্রীয় অধিকার নয়, বরং প্রতিটি বাঙালির হৃদয়ে লালিত এক গভীর আবেগ। উপাচার্য উল্লেখ করেন যে, স্বাধীনতার ৫৫ বছর পরও এই আবেগের প্রকাশ বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, জাকসুর নেতৃবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল এবং বিভাগের পক্ষ থেকেও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।
রিপোর্টারের নাম 

























