বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া এই র্যালিটি জাতীয় প্রেসক্লাব, মৎস্যভবন হয়ে শাহবাগ মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিতে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা সহ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালিতে ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, এবং ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ – এই ধরনের শ্লোগান দিয়ে নেতাকর্মীরা দেশের সার্বভৌমত্বের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।
এর আগে, মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, মেধাবী ছাত্র সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ, রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের সার্বভৌমত্বের পক্ষে প্রচারণা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংগঠনটি সারাদেশে স্বাধীনতা দিবস পালন করছে।
রিপোর্টারের নাম 

























