মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অহিংস, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করতে এখানে এসেছি। এটি রাষ্ট্রের একটি সর্বোচ্চ আনুষ্ঠানিকতা। সকলের মতো আমরাও আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম।’ তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব দিক থেকে সুরক্ষিত থাকে এবং দেশে শান্তি ও রহমত বর্ষিত হয়। তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে যেন একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে পারি।’ তিনি দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান।
এর আগে, ডা. শফিকুর রহমান সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন। এই সময় তার সঙ্গে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এমপি এবং ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























