রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র আহনাফ রাইয়ান, তার মা এবং সঙ্গে থাকা বোনের মেয়ে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় রাইয়ানের বোন ডা. নুসরাত জাহান খান সাবা আহত হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে দৌলতদিয়ায় ফেরিতে বাস ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মার পানিতে পড়ে যায়। ঘটনার পরপরই রাইয়ানের বোনকে আহত অবস্থায় এবং তার মাকে মৃত উদ্ধার করা সম্ভব হয়। তবে, রাইয়ান ও তার ভাগ্নি প্রায় ১০ ঘণ্টা নিখোঁজ ছিলেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে তাদের লাশ শনাক্ত করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আহনাফ রাইয়ান রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ছিলেন। তিনি রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জাবি রাজবাড়ী ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাইয়ানের জানাজা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রীসহ পদ্মায় ডুবে যায়।
রিপোর্টারের নাম 

























