জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে নেতৃত্বকে অবশ্যই দুর্নীতিমুক্ত ও আধিপত্যবাদবিরোধী হতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার তাদের পূর্বসূরি আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে, যা দেশের মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার, আধিপত্যবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কাছে নিজেদের বিলীন করে দিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে, বর্তমান বিএনপি সরকারও ‘ম্যানেজ ভোটের’ মাধ্যমে ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে।
জাগপা মুখপাত্র আরও অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে নজিরবিহীন দলীয়করণ চলছে। স্বাধীনতার ৫৫ বছরে দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি; দুর্ভাগ্যবশত বিএনপিও আজ সেই একই পথের পথিক হয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা আনয়ন এবং ‘জুলাইয়ের যোদ্ধাদের’ সার্বভৌমত্ব আনয়নের কথা উল্লেখ করে বলেন, আজ আবারও দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে।
জাগপা প্রেসিডিয়াম সদস্য হাজী মো. হাসমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।
রিপোর্টারের নাম 

























