ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
দিনের শুরুতে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করে। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছান এবং শীঘ্রই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ঐতিহ্যবাহী প্রেক্ষাপট প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।
একই দিনে জাপানের শিবাউরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ড. কাওয়াশিমা হিরোতো উপাচার্যের সঙ্গে অপর এক বৈঠকে মিলিত হন। এ সময় বায়ুদূষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চলমান যৌথ গবেষণা কার্যক্রমকে আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপাচার্য বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এমন জ্ঞান ও গবেষণা বিনিময় অত্যন্ত জরুরি।
রিপোর্টারের নাম 

























