দেশের নতুন জাতীয় শিক্ষাক্রমে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি জনপ্রিয় খেলাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চতুর্থ শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত এই খেলাগুলো পাঠ্যবইয়ের পাশাপাশি ব্যবহারিক বিষয় হিসেবে যুক্ত করা হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গঠিত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হতে যাওয়া সাতটি ইভেন্ট হলো—ফুটবল, ক্রিকেট, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার এবং কারাতে অথবা ভলিবল ও ব্যাডমিন্টন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী এই সাতটি ইভেন্টকে দ্রুততম সময়ের মধ্যে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনসিটিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিকভাবেই খেলাধুলার সুযোগ পাবে যা তাদের মেধা বিকাশে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 

























