আসন্ন ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বছরব্যাপী এই কার্যক্রম তদারকির জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ছুটি শেষে ক্লাস শুরুর পূর্বেই ক্যাম্পাস পুরোপুরি পরিচ্ছন্ন করতে হবে। এছাড়া নিয়মিত তদারকির মাধ্যমে প্রতিদিনের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে নির্দেশনায়।
শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























