বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধি দল সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এপিইউবি চেয়ারম্যান ড. মো. সাবুর খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ, সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ কাইয়ুম রেজা চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য ফারুক হাসান, লুৎফে এম. আইয়ুব, নওশাদ শামসুল আরেফিন ও আবুল কাসেম হায়দার উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের একাডেমিক মানোন্নয়ন, গবেষণা কার্যক্রমের প্রসার এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির মধ্যে সমন্বয় সাধন ও সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই দেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এপিইউবি প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বাংলাদেশের উচ্চশিক্ষায় প্রবেশাধিকার সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। চেয়ারম্যান আশ্বাস দেন যে, বেসরকারি উচ্চশিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় ইউজিসি সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এই সাক্ষাৎকালে ইউজিসি সচিব ড. মোহাম্মদ ফখরুল ইসলাম এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























