মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী একযোগে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
ছাত্রশিবিরের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ করা হবে। সংগঠনটি শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে স্থানীয় ও আঞ্চলিক পত্রিকা এবং অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ প্রচারণা চালানো হবে।
বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, যে মহান লক্ষ্য নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল – সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা – সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবির দেশপ্রেমিক ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য সকল শাখার প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এসব কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























