জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন তার প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন এক বিশেষ উদ্যোগের মাধ্যমে। তিনি আগামী ২৭ মার্চ, শুক্রবার শহীদ ইকরামুল হক সাজিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার কর্মজীবনের আনুষ্ঠানিক সূচনা করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল সাড়ে ৮টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শহীদ সাজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে পৌঁছে তারা তাঁর কবর জিয়ারত করে গভীর শ্রদ্ধা জানাবেন। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন সূর্যসন্তানকে স্মরণ করা হবে, যিনি দেশের মুক্তির সংগ্রামে আত্মত্যাগ করেছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, তাদের মধ্যে শহীদ সাজিদ অন্যতম। ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম শুরুর আগেই আমরা আমাদের এই গর্বিত সন্তানকে স্মরণ করতে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আগামী শুক্রবার সকাল সাড়ে আটটায় তাঁর কবর জিয়ারতের উদ্দেশ্যে টাঙ্গাইল যাবো।’
উল্লেখ্য, শহীদ ইকরামুল হক সাজিদ জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন। তাঁর আত্মত্যাগ বিশ্ববিদ্যালয় পরিবারে চিরস্মরণীয় হয়ে আছে। অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন।
রিপোর্টারের নাম 

























