বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান বলেছেন, গত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের আশা-আকাঙ্ক্ষার দলে পরিণত হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের নেতাকর্মীদের ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, মানুষের বিপদে-আপদে জামায়াতের কর্মীদের সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজবাড়ী জেলা জামায়াতের সাবেক আমির মো. আক্তারুজ্জামান তার বক্তব্যে জামালপুর ইউনিয়নসহ রাজবাড়ী জেলার ৪০৬টি ওয়ার্ডে শক্তিশালী সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আগামী স্থানীয় নির্বাচনে জামায়াত সমর্থিত মেম্বারদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করার এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে পারলেই জনগণ তাদের ভোট দিয়ে বিজয়ী করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, গত জাতীয় নির্বাচনে জামায়াতের মূল শক্তি ছিল নারী ও তরুণ ভোটাররা। নারী ও তরুণদের আশা-আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যেতে হবে। তিনি স্থানীয় সরকার নির্বাচনে এখন থেকেই কার্যক্রম শুরু করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার পরামর্শ দেন।
রাজবাড়ী জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক শরীফ মিয়া তার বক্তব্যে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ’ থেকে মুক্তি দেওয়ার জন্য ‘জুলাই যোদ্ধাদের’ অবদানকে স্মরণ করেন এবং সাধারণ মানুষের মাঝে ‘জুলাই’কে ধারণ করে কাজ করার আহ্বান জানান। তিনি জামায়াতকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এবং কোরআনের দাওয়াত প্রচার করার কথা বলেন। ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসার ওপরও তিনি জোর দেন।
জামালপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোজাফফর মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ছাত্র শিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























