বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহেশখালী দক্ষিণ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, অতীতের মতো সাংবিধানিক স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও দাবি অনুযায়ী জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি সতর্ক করে বলেন, সংবিধানকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে বিলম্বিত করা হলে তা জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করবে, যা ভবিষ্যতে গণবিস্ফোরণে রূপ নিতে পারে।
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায়, অতীতের ন্যায় ছাত্র-জনতাকে আবারও রাজপথে নামতে বাধ্য হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি দেশব্যাপী জনগণের ঈদ যাত্রায় হয়রানি ও অব্যবস্থাপনারও তীব্র নিন্দা জানান। যাত্রী কল্যাণ সমিতির রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই বছর ঈদে যাত্রীদের হয়রানি গত ২০ বছরের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে এবং সরকার জনগণের ঈদের আনন্দ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী দক্ষিণ নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, সাবেক জেলা সভাপতি আজিজুর রহমান, সাবেক জেলা সভাপতি ও মহেশখালী দক্ষিণ সেক্রেটারি আব্দুর রহিম, জেলা শিবিরের অফিস সম্পাদক জহিরুল ইসলাম ফরিদ, মহেশখালী দক্ষিণ ছাত্রশিবির সভাপতি শাহারিয়ার কাহেফ জিহাদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























