পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় মুসল্লিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল নিজ এলাকা নামোশংকরবাটী হেফজুল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।
একইভাবে, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী এলাকা বাউফলের পাবলিক মাঠে ঈদের নামাজ আদায় করেন। সেখানে হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লীর সঙ্গে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, যা এক মিলনমেলায় পরিণত হয়। এই অনুষ্ঠানে ডাকসু’র সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা শিবির সভাপতি লিমন হোসাইন, অ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা আতিক নজরুল, সবুজ মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পল্টন থানা জামায়াতে ইসলামীর আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন, যেখানে তিনি নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন। এই অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম এবং পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও শাহবাগ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন এবং পরে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রিপোর্টারের নাম 

























