পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, আত্মশুদ্ধি ও সংযমের মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড়, উঁচু-নিচু—সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে এই উৎসব আমাদের হৃদয়ে নির্মল প্রশান্তি এনে দেয়।
তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘ দেড় দশক পর বাংলাদেশের মুসলিমরা ফ্যাসিবাদ-উত্তর পরিবেশে দ্বিতীয়বারের মতো ঈদুল ফিতর উদযাপন করছে। শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছি, যা আমাদের স্মরণীয়।
নাহিদ ইসলাম বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি, আসুন, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই। আমাদের আহত ও সংগ্রামী ভাই-বোনদের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি প্রবাসীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান, যারা ঈদের আনন্দ ও পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে দূর প্রবাসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন।
একজন সচেতন মুসলিম হিসেবে ঈদের দিনে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সমাজের দরিদ্র, অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব—এই বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন।
বার্তায় নাহিদ ইসলাম বলেন, এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে তিনি মহান আল্লাহর কাছে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
রিপোর্টারের নাম 

























