চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের বর্ণাঢ্য কর্মজীবন শুরু হয় ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে। তিনি ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২১ সালে তিনি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।
বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টারের নাম 
























