ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, কলা অনুষদের বিদায়ী ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় পদটি শূন্য হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর সংশ্লিষ্ট সংবিধি অনুযায়ী, পরবর্তী নির্বাচিত ডিন দায়িত্ব না নেওয়া পর্যন্ত অথবা অনধিক ৯০ দিনের জন্য ড. আবুল কালাম সরকারকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অধ্যাপক ড. আবুল কালাম সরকার একজন কৃতি গবেষক ও শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। অসামান্য মেধার স্বীকৃতিস্বরূপ তিনি অ্যাটর্নি আলমগীর স্বর্ণপদক, ইউজিসি বৃত্তি এবং ডক্টর আবেদা হাফিজ স্বর্ণপদকসহ একাধিক সম্মাননা লাভ করেছেন। ২০০৪ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা এই শিক্ষক ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইরান সরকারের বৃত্তি নিয়ে উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। তার গবেষণাধর্মী গ্রন্থ ‘বাংলাদেশে ফারসি অনুবাদ সাহিত্য’ কলা অনুষদের সেরা গবেষণা গ্রন্থ হিসেবেও স্বীকৃত।
রিপোর্টারের নাম 
























