বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে এক একজন যোদ্ধা হিসেবে গড়ে উঠতে হবে। শুধু শিক্ষকের দেওয়া পাঠ্যসূচি অনুসরণ করাই নয়, বরং ছাত্ররা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পর প্রতিটি পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করবে, এমনটাই প্রত্যাশা তার।
সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীরে জামায়াত উল্লেখ করেন, তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করা, যা ধীরে ধীরে পূরণ হতে চলেছে।
তিনি গর্বের সাথে জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই স্বনামধন্য প্রতিষ্ঠানের তিনজন ছাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তারা দ্বীনের কল্যাণে ও জনগণের কল্যাণে কাজ করার এবং আওয়াজ তোলার সুযোগ পেয়েছেন। এজন্য মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন তিনি। ডা. শফিকুর রহমান আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা নির্বাচিত হয়েছেন, আগামী দিনে তারাই বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন।
এসময় তিনি ২৪’এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার যেসকল ছাত্র শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আ. হান্নান মাসুদ।
রিপোর্টারের নাম 
























