বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. রফিকুল ইসলাম জানান, সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছালে চিকিৎসকরা তাকে গ্রহণ করেন। তিনি আরও বলেন, ভ্রমণকালে তার স্বাস্থ্যগত জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকলেও, তেমন কোনো সমস্যা হয়নি।
এর আগে, অসুস্থ মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, এ সময় আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে ছিলেন।
গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। এরপর তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। পরবর্তীতে তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। গত শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছিলেন।
রিপোর্টারের নাম 

























