সংবিধান সংস্কার পরিষদ গঠন বিষয়ক ‘জুলাই সনদ’ এর সমাধান যদি জাতীয় সংসদের ভেতরে না হয়, তাহলে রাজপথে নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
জামায়াতের আমির জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পুরোপুরি সংসদে পড়ে শোনানো হয়েছে। বিরোধী দল আজকের (রোববার) মধ্যেই এর একটি সমাধান চেয়েছে। সংসদ অধিবেশনে বিরোধী দল প্রশ্ন তুলেছে, তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, সেই শপথের ভবিষ্যৎ কী হবে। পাশাপাশি, যারা এখনো শপথ নেননি, তারা কবে শপথ গ্রহণ করবেন—তাও জানতে চাওয়া হয়েছে।
এছাড়াও, সংস্কার পরিষদের অধিবেশন কবে ডাকা হবে এবং গণভোটের ফলাফল আদৌ মান্য করা হবে কি না, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নও উত্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই বিষয়গুলোর সুরাহা না হলে কঠোর আন্দোলনের পথ বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিরোধীদলীয় এই নেতা।
রিপোর্টারের নাম 

























