প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, বরং এটি একটি মৌলিক অধিকার। তিনি জোর দিয়ে বলেন, আর্থিক সামর্থ্যের ভিত্তিতে নয়, প্রতিটি মানুষ তার প্রয়োজন অনুযায়ী মানসম্মত চিকিৎসা পাবে।
শনিবার রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বক্তৃতার শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
ডা. জুবাইদা রহমান আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতিতে বিশ্বাসী এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, চিকিৎসা খরচ মেটাতে গিয়ে যেন কোনো পরিবারকে সর্বস্বান্ত হতে না হয়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
তিনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা জানান। এর মধ্যে রয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এবং সেখানে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা থাকবে। এছাড়া, একটি জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক স্থাপন করা হবে, যাতে সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে কাউকে জীবন হারাতে না হয়।
মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি প্রতিটি স্বাস্থ্যকর্মীর জন্য সুসংগঠিত কর্মজীবন পরিকল্পনা, যেমন নার্স, মিডওয়াইফ, প্যারামেডিক, মেডিকেল টেকনোলজিস্ট ও কমিউনিটি হেলথ ওয়ার্কারদের জন্য আলাদা ক্যারিয়ার কাঠামো এবং যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি-পদায়নের ব্যবস্থা থাকবে। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা, উৎসে পৃথকীকরণ, নিরাপদ পরিবহন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 
























