ইরাকে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে গত ২৪ ঘণ্টার মধ্যে আটবার হামলা চালানো হয়েছে। শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত এই হামলাগুলো সংঘটিত হয়। ইরাকের ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স’ এই হামলার দায় স্বীকার করেছে।
শনিবার এক বিবৃতিতে জোটটি জানায়, তাদের যোদ্ধারা আল হারির এবং আল আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা প্রকাশ করেনি। এই বিষয়ে মার্কিন বিমানঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন বিমানঘাঁটি ছাড়াও ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে জোটটি দাবি করেছে। ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দূতাবাসের হেলিপ্যাড এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে চলা সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে অভিযান শুরু করে, যা এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।
রিপোর্টারের নাম 

























