মাদারীপুরের কালকিনি উপজেলায় খাল খনন-পরবর্তী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে খালের দুই পাড়ের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খালে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন, পানির পাশাপাশি গাছও আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণের নির্দেশনা অনুসরণ করেই আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হলো।
তিনি আরও বলেন, আমরা যদি সবুজায়ন, অক্সিজেন ও পানির ভারসাম্য বজায় রাখতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতের পরিবেশগত বিপর্যয় থেকেও দেশকে রক্ষা করা সহজ হবে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগাতে এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















