যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ৩৬ হাজার ৫০০টি আবাসিক ভবন রয়েছে এবং শুধুমাত্র রাজধানী তেহরানেই ১০ হাজারের বেশি স্থাপনা হামলার শিকার হয়েছে।
মুখপাত্র আরও জানান, হামলায় ১২০টি স্কুল, ৩২টি অ্যাম্বুলেন্স এবং ৪৩টি জরুরি সেবা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির জরুরি সেবা ও শিক্ষা ব্যবস্থাকে মারাত্মক সংকটে ফেলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলমান এই সংঘাতের ফলে এখন পর্যন্ত অন্তত ২২৩ জন নারী এবং ২০৬ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
এর আগে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক হাজার আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির জন্য সরাসরি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতিকে দায়ী করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























