সংযুক্ত আরব আমিরাতে হামলার কাল্পনিক ও বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিভিন্ন দেশের ১০ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আমিরাত নিউজ এজেন্সি শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।
তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্য তৈরি করেছিলেন। কিছু ভিডিওতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য এবং জনসমাগমস্থলে উত্তেজনার চিত্র দেখানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের বানোয়াট ভিডিও প্রচার করা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি।
আমিরাত সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন কোনো বিভ্রান্তিকর তথ্য বা ভিডিও প্রচার করা দণ্ডনীয় অপরাধ। সাইবার অপরাধ দমনে এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















