জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গত নির্বাচনে আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই ব্যর্থতার দায় যেমন সংশ্লিষ্টদের, তেমনি ভোট গণনার সময় তা রক্ষা করতে না পারার দায় আমরাও এড়াতে পারি না। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো কেন্দ্রে আমাদের ভোটার সংখ্যা কম হোক বা বেশি, প্রতিটি আমানত রক্ষা করতে হবে। জাতীয় নির্বাচনে ভোট গণনায় কারচুপির যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন স্থানীয় নির্বাচনে না ঘটে। তিনি আরও বলেন, জনগণ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ভোট দেয়, আর সেই আস্থার মর্যাদা রক্ষা করতে আমাদের প্রয়োজনে রাজপথে লড়াই করতে হবে।
সারজিস আলম জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণ করে বলেন, সাহস অত্যন্ত ছোঁয়াচে একটি বিষয়। ছাত্র-জনতার আন্দোলনে আমরা দেখেছি কীভাবে একজন মারা গেলে অন্যজন বুক পেতে দাঁড়িয়েছে। সেই সাহস নিয়ে এখন স্থানীয় পর্যায় থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে। মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 

























