বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থা দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অনুকূল না থাকায় এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, আপাতত তাকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখেছে। তবে, ভবিষ্যতের যেকোনো পর্যায়ে তার মেডিকেল বোর্ড যদি মনে করে যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, তবে সেই বিষয়টি পুনরায় বিবেচনা করা হতে পারে।
তিনি আরও জানান, মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গতকাল (বৃহস্পতিবার) বসে এবং সব দিক বিবেচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে রয়েছেন।
এর আগে, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
ডা. রফিকুল ইসলাম আরও বলেন, মির্জা আব্বাসের পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রিপোর্টারের নাম 























