জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টাকে ‘উদ্বেগজনক ও নিন্দনীয়’ আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে এই মামলা দায়েরের চেষ্টা করা হলেও আদালত তা গ্রহণ করেনি। মো. নাহিদ ইসলাম মনে করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলনের নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে যে, পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি স্পষ্ট করে বলেন, মামলা বা ভয়ের মাধ্যমে এই নেতৃত্বকে দমন করা অতীতেও সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না। সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরাজিত অপশক্তিকে রুখতে আইনি ব্যবস্থা নেওয়া হোক। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 























